এলডিসি উত্তরণে বড় ধরনের সংস্কারের তাগিদ সিপিডির

বাংলাদেশের এলডিসি উত্তরণে অর্থনৈতিক সংস্কারের তাগিদ সিপিডির

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তোরনে আগামী তিন বছরে বাংলাদেশকে ব্যাপক অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) কার্যালয়ে আয়োজিত ‘বাংলাদেশের এলডিসি উত্তরণ : জাতিসংঘ সাধারণ পরিষদের সিদ্ধান্ত ও আমাদের পর্যবেক্ষণ’ শীর্ষক এক মিডিয়া সংলাপে এসব মতামত উঠে আসে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। সভাপতিত্ব করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ। এছাড়াও সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং অতিরিক্ত পরিচালক তৌফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
ড. দেবপ্রিয় বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ব্যতিক্রমী বিবেচনায় আরও তিন বছর বাড়ানোর সিদ্ধান্ত দেশের কাঠামোগত অর্থনৈতিক দুর্বলতা কাটিয়ে ওঠার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। তবে এ সুযোগকে সংস্কার শিথিল করার অবকাশ হিসেবে দেখার সুযোগ নেই। জাতিসংঘের উন্নয়ন নীতিবিষয়ক কমিটি (সিডিপি) আর সময় বাড়ানোর পক্ষে থাকবে না।
তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের জটিলতা এবং অর্থনৈতিক ও বহির্বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের সক্ষমতার ওপর এর প্রভাব জাতিসংঘ বিবেচনায় নিয়েছে। তবে এ সময় বাড়ানোর সঙ্গে দেশের অভ্যন্তরীণ সংস্কারে উল্লেখযোগ্য অগ্রগতির প্রত্যাশাও স্পষ্টভাবে যুক্ত রয়েছে।
প্রবন্ধে উঠে আসে বাংলাদেশ ২০২৪ সালেই এলডিসি উত্তরণের তিনটি মানদণ্ড-মাথাপিছু মোট জাতীয় আয়, মানবসম্পদ সূচক এবং অর্থনৈতিক ঝুঁকিপ্রবণতা সূচক-উল্লেখযোগ্য ব্যবধানে পূরণ করেছে। তাই এখন মূল চ্যালেঞ্জ উত্তরণের যোগ্যতা নয়, বরং যথাযথ প্রস্তুতি।
ড. দেবপ্রিয় বলেন, বাংলাদেশকে এখন চারটি প্রধান সংস্কার ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। এগুলো হলো-সরকারি আর্থিক ব্যবস্থাপনা, জ্বালানি, সামাজিক সুরক্ষা এবং পণ্য ও সেবা পরিবহন অবকাঠামো। পাশাপাশি মসৃণ উত্তরণ কৌশল বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নেতৃত্বে সমন্বিত উদ্যোগ, সংসদে উত্তরণ রোডম্যাপ উপস্থাপন এবং অগ্রগতি পর্যবেক্ষণে উন্মুক্ত তথ্যভাণ্ডার চালুর সুপারিশ করেন তিনি।
এই সংস্কারগুলো তৈরি পোশাক খাতের বাইরে রপ্তানি বৈচিত্র্যকরণে সহায়তা করবে, উৎপাদনশীলতা বাড়াবে এবং দেশের সামগ্রিক প্রতিযোগিতামূলক সক্ষমতাকে শক্তিশালী করবে।
বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরে তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরে দেশের কর-জিডিপি অনুপাত ছিল মাত্র ৬ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে, ২০২৬ সালের জুন পর্যন্ত ব্যাংক খাতের মোট ঋণের ৩২ দশমিক ৮ শতাংশ ছিল খেলাপি।
এ সময় জিডিপির ২১ দশমিক ৫ শতাংশ ছিল বেসরকারি বিনিয়োগ। আর মোট রপ্তানির ৮০ দশমিক ৬ শতাংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে, যা একটি নির্দিষ্ট রপ্তানি খাতের ওপর দেশের অতিরিক্ত নির্ভরশীলতার চিত্র তুলে ধরে।
তিনি বলেন, এসব সূচক ব্যাংক খাত পুনর্গঠন, রাজস্ব আহরণ বৃদ্ধি, বিনিয়োগ উৎসাহিত করা এবং রপ্তানি পণ্যের বহুমুখীকরণের জরুরি প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে আসে।
তিনি আরও বলেন, সরকারের উচিত তিন বছর মেয়াদি একটি কর্মপরিকল্পনা প্রকাশ করা, যেখানে সুনির্দিষ্ট মাইলফলক, দায়িত্বপ্রাপ্ত সংস্থা এবং জবাবদিহিতার প্রক্রিয়াগুলো স্পষ্টভাবে উল্লেখ থাকবে।
ড. দেবপ্রিয় জোর দিয়ে বলেন, এলডিসি থেকে উত্তরণের আগেই-রপ্তানির বিপরীতে নগদ প্রণোদনাসহ-স্বল্পোন্নত দেশ হিসেবে প্রাপ্ত বিশেষ সহায়তাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে তা প্রত্যাহার করতে হবে।
‘বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার’-এর মাধ্যমে এলডিসি উত্তরণের প্রস্তুতি পর্যবেক্ষণ শীর্ষক পৃথক মূল্যায়ন উপস্থাপন করেন সিপিডির অতিরিক্ত পরিচালক তৌফিকুল ইসলাম খান। তিনি বলেন, বাংলাদেশে এলডিসি উত্তরণ-সংশ্লিষ্ট ২৩টি সংস্কার প্রস্তাব বর্তমানে পর্যবেক্ষণ করছে সংস্থাটি।
তিনি বলেন, উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে অগ্রাধিকারমূলক সুবিধা ধরে রাখা, বাণিজ্য চুক্তি বাস্তবায়ন, শ্রমমান উন্নয়ন, রপ্তানি বহুমুখীকরণ এবং শিল্প অবকাঠামো শক্তিশালী করা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ।
প্রতিবেদনে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত ও চীনের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারদের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা ও বাস্তবায়ন ত্বরান্বিত করার প্রয়োজনীয়তার কথাও বলা হয়। পাশাপাশি আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) চুক্তিতে যোগদানের প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
মূল্যায়নে বলা হয়, বাংলাদেশ বাণিজ্য চুক্তি সম্পাদনে অগ্রগতি অর্জন করলেও বেশ কয়েকটি উদ্যোগ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে অথবা দেশের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অপেক্ষায় রয়েছে।
২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি স্বাক্ষরিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি এখনো কার্যকর হয়নি। অন্যদিকে, এলডিসি উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়নের বাজারে অনুকূল সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশকে আরও আলোচনা ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সনদগুলোর কার্যকর বাস্তবায়ন করতে হবে।
সিপিডির বিশেষজ্ঞরা ২০২৯ সালের নভেম্বরের আগে সংস্কারের অঙ্গীকারগুলোকে পরিমাপযোগ্য ফলাফলে রূপ দিতে সরকারি সংস্থা, বেসরকারি খাত, উন্নয়ন সহযোগী ও অন্যান্য অংশীজনের মধ্যে আরও কার্যকর সমন্বয়ের আহ্বান জানান।
তারা বলেন, অর্থনৈতিক স্থিতিস্থাপকতা জোরদার এবং এলডিসি উত্তরণের ফলে রপ্তানি প্রতিযোগিতা, বিনিয়োগের সম্ভাবনা ও উন্নয়ন অর্জন যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে আগামী তিন বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

১০,০০০-এরও বেশি অন্যদের সাথে সরাসরি আপনার ইনবক্সে বিনামূল্যে টিপস এবং রিসোর্স পান।